নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর জলঢাকায় আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক স্থানীয় নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
নবযোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু, জাতীয় পার্টির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি শুকুর আলী, জাহাঙ্গীর আলম (সদস্য), তফে হোসেন, লোকমান, শিক্ষক শ্রী শুসপন্দ্র নাথ, শ্রী আনাম, ডা. পুশিনাথ চন্দ্র, শ্রী শুদির চন্দ্র বাবু, নিরেন চন্দ্র, শ্রী কালিপদ চন্দ্র (রাজবাড়ী), শ্রী রামু চন্দ্র, নারায়ণ অধিকারী (ইউপি সদস্য)সহ অর্ধশতাধিক স্থানীয় নেতা-কর্মী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু বলেন, “জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ন্যায়পরায়ণতা, ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা এবং আদর্শিক আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে। এসব কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই আজ রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কথা বলার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণেই জামায়াতে ইসলামী মানুষের অন্তরে স্থান করে নিতে সক্ষম হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা ২০১৪, ১৮ ও ২৪ সালের মতো একতরফা নির্বাচন চাই না। সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় প্রমাণ করেছে- যারা গঠনমূলক ও কল্যাণমুখী কাজ করে, তারাই নেতৃত্ব দেওয়ার যোগ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমীর আলহাজ্ব কামরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়সাল মুরাদ, জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন।