পারভেজ হাসান সায়েম, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর এবং পূর্বনির্ধারিত সময়ে বেরোবি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী এ কথা জানান।
উপাচার্য ড. শওকাত আলী জানান, ‘অসংখ্য জটিলতা থাকলেও ইতোমধ্যে সমাবর্তন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হতে চলেছে।’
তিনি আরো জানান, ‘নভেম্বরে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও অনুষ্ঠানের প্রধান অতিথি আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল ব্যস্ততার কারণে অপারগতা প্রকাশ করলে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়। এরপর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে আমন্ত্রণ জানালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানান। যে কারণে অনুষ্ঠান কিছুটা পিছিয়ে ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
ছাত্র সংসদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “বাংলাদেশের প্রথম চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটা হবে বেরোবি ছাত্র সংসদ নির্বাচন। আমি আর মুখের কথায় নয়, কাজে প্রমাণ করতে চাই। সকলের ধৈর্য কামনা করি।”
তিনি আরো জানান, পূর্বঘোষিত ৩০ অক্টোবর এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করার প্রক্রিয়া চলমান। গত ৫ ও ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় বেরোবি আইনে ছাত্র সংসদ সংযুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিছু অসঙ্গতি থাকায় সেগুলো সংশোধন করে আজ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে রাষ্ট্রপতির সম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করা হবে।
ছাত্র পরামর্শক ড. ইলিয়াস প্রামাণিক বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমাদের সকল প্রশাসনিক কার্যক্রম চলমান। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্র সংসদ আয়োজন করতে পারব। আমাদের ছাত্র সংসদ নির্বাচনের ট্রেন চলমান। সেখান থেকে সরে যাওয়ার আর কোন সুযোগ নেই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. তাজুল ইসলাম।
সমাবর্তন এবং ছাত্র সংসদ আয়োজনে উপাচার্য সকল শিক্ষার্থীর ধৈর্য ও সহযোগিতা কামনা করেন।