নিজস্ব প্রতিবেদক: কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না। দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। কী উদ্দেশ্যে তিনি বিদেশে গিয়েছিলেন এবং কী অর্জন করেছেন, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, সে বিষয়ে জনগণ পরিষ্কার ব্যাখ্যা চায়।
ডা. শফিকুর রহমান বলেন, তারা কোনো দলীয় বা ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামেননি; বরং জনগণের দাবি এবং মানুষের ভোগান্তির বিষয়গুলো নিয়েই আন্দোলন করছেন। এর আগে দুটি লংমার্চ জনগণের সমর্থন ও ভালোবাসায় সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। তৃতীয় লংমার্চও সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির বিষয়ে জামায়াত আমির বলেন, এসব দাবির মধ্যে মূল দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই দাবি বাস্তবায়িত না হওয়ার কারণেই বাকি ছয় দফার প্রয়োজন দেখা দিয়েছে। গণরায় বাস্তবায়িত হলে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি ও মাদক ব্যবসার মতো সমস্যাগুলো মোকাবিলা সহজ হতো বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দলটি জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং প্রতিশ্রুতি রক্ষা করেনি। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের মাধ্যমে গণরায় ও জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের অধিবেশন শুরুর আগেই নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে গণভোটের গণরায় বাস্তবায়নের ঘোষণা দেওয়া উচিত। তাঁর মতে, এ ধরনের ঘোষণা এলে বিরোধী দলের পরবর্তী কর্মসূচির প্রয়োজন নাও হতে পারে।
তিনি আরও বলেন, জনগণের দাবি এবং গণভোটে মানুষের রায়কে অবহেলা করতে দেওয়া হবে না। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বক্তব্যে যুবসমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, তাদের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হচ্ছে। তাই কোনো পক্ষের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা দীর্ঘস্থায়ী করতে আরও সংগ্রামের প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে আরেকটি বিপ্লবের সম্ভাবনার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান মুক্তিকামী জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সঙ্গে লংমার্চ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
এ ছাড়া বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।