নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো-২০২৬’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী এবং নতুন প্রজন্মের এআই ক্রিয়েটররা অংশ নেন।
‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করা, নতুন প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এবং দেশের এআই ক্রিয়েটিভ কমিউনিটিকে আরও শক্তিশালী করা।
গত ১২ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এআইনির্ভর সৃজনশীল কাজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতায় চারটি বিভাগ নির্ধারণ করা হয়—এআই অ্যাডভারটাইজমেন্ট, এআই শর্ট ফিল্ম, এআই মিউজিক ভিডিও ও এআই ফ্যাশন।
আয়োজকদের তথ্যমতে, দেশের ২৭টির বেশি জেলা থেকে পাঁচ হাজারেরও বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। পাশাপাশি ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয় প্রিজম। এ উদ্যোগের মাধ্যমে ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে দেড় কোটির বেশি মানুষের সম্পৃক্ততা অর্জিত হয়।
জমা পড়া কাজ থেকে বাছাই করে ৬০ জন ফাইনালিস্ট নির্বাচন করা হয়। তাদের দক্ষতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টারে আয়োজন করা হয় দুই দিনব্যাপী এআই ক্রিয়েটিভ বুটক্যাম্প। সেখানে ব্র্যান্ডিং, স্টোরিটেলিং, ক্রিয়েটিভ ডিরেকশন এবং এআই টুলসের কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ফাইনালিস্টদের শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক বাস্তবধর্মী ক্রিয়েটিভ ব্রিফ দেওয়া হয়। এসব কাজ অভিজ্ঞ পেশাজীবী ও সংশ্লিষ্ট বিভাগের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়।
সম্মেলনে তিনটি কিনোট সেশন ও দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এআইয়ের ভবিষ্যৎ, চলচ্চিত্র নির্মাণ, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞাপন, গণমাধ্যম এবং সৃজনশীল শিল্পের পরিবর্তন নিয়ে আলোচনা করেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।
কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিবস সলিউশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং এআই ও ডিজিটাল ট্রান্সফরমেশনবিষয়ক বিশেষজ্ঞ অ্যাডভোকেট মুনির হাসান।
প্রথম প্যানেল আলোচনার বিষয় ছিল ‘এআই অ্যান্ড দ্য নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন: ইজ বাংলাদেশ রেডি?’ এতে বাংলাদেশের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের সম্ভাবনা, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং নতুন উদ্ভাবনের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় প্যানেল আলোচনার বিষয় ছিল ‘হিউম্যান ক্রিয়েটিভিটি ভার্সাস এআই এফিশিয়েন্সি: হু উইল লিড দ্য নেক্সট ক্রিয়েটিভ রেভোলিউশন?’ এতে মানুষের সৃজনশীল চিন্তা ও এআইয়ের প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়, ভবিষ্যতের ক্রিয়েটিভ পেশা এবং চলচ্চিত্র ও বিজ্ঞাপনশিল্পের পরিবর্তন নিয়ে মতবিনিময় করেন আলোচকরা।
সম্মেলনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড শো। এতে চারটি বিভাগে বিজয়ী, রানার-আপ ও সম্মানসূচক স্বীকৃতি প্রদান করা হয়। পাশাপাশি সব বিভাগের কাজের মধ্য থেকে সেরা সৃষ্টিকে দেওয়া হয় বিশেষ গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড।
আয়োজকদের মতে, এ পুরস্কারের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং সৃজনশীল চিন্তা, মৌলিকত্ব, গল্প বলার ক্ষমতা এবং সৃজনশীল কাজে এআইয়ের কার্যকর ব্যবহারের স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রিজমকে এক দিনের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের এআইনির্ভর সৃজনশীল শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিয়েটরদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, পেশাগত যোগাযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা তৈরিতে কাজ করতে চায় আয়োজক প্রতিষ্ঠান।
প্রাণ-আরএফএলের উপস্থাপনায় এবং স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল দ্য ডেইলি স্টার ও সিবস সলিউশন। এছাড়া সহযোগী হিসেবে যুক্ত ছিল আস্তা আইটি, ভোসু এআই, এলএফ ইনকরপোরেশন, টেন মিনিট স্কুল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি, আইসেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ম্যারুন।