বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিন দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। একসময় তার অভিনয় ও জনপ্রিয়তার হাত ধরেই বাংলা সিনেমার বক্স অফিসে ফিরেছিল প্রাণচাঞ্চল্য। ভক্তদের কাছে তিনি পরিচিত ‘ইন্ডাস্ট্রি’ নামে।
পেশাগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বললেও ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন এই অভিনেতা। স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে। তবে সবকিছু পেছনে ফেলে দীর্ঘদিন ধরে একসঙ্গে সংসার করছেন তারা।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেন প্রসেনজিৎ। এ সময় রসিকতার সুরে আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রসেনজিৎ বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী—ওকে একটা জায়গায় সম্মান করি। কারণ, ও এতদিন আমার সঙ্গে থেকে সবকিছু সহ্য করেছে। অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনো যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’
উল্লেখ্য, প্রসেনজিতের ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদের একাধিক অধ্যায় রয়েছে। জীবনে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায়। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে প্রথম দুই সংসারই দীর্ঘস্থায়ী হয়নি।
পরবর্তী সময়ে ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন প্রসেনজিৎ। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন এই দম্পতি। তাদের সংসারে রয়েছে ছেলে মিশুক।
স্ত্রী অর্পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি নিজের অতীত দাম্পত্য জীবন নিয়ে প্রসেনজিতের এই রসিকতাপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।