আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো বক্তব্য নেই। তবে দুই দেশের মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারত আগের অবস্থানেই রয়েছে।
গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভারতকে দায়ী করে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় তিনি চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য সীমান্তের ওপারে থাকা শক্তির ইঙ্গিতপূর্ণ সমালোচনা করেন।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই অটল। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দুই দেশের অভিন্ন ইতিহাস ও জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতেই এ সম্পর্ক প্রতিষ্ঠিত।
সূত্র: পিটিআই ও নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।