নিজস্ব প্রতিবেদক | ১৬ নভেম্বর ২০২৬: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তাঁকেও দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের বিষয়ে সরকার আশাবাদী।
তিনি আরও বলেন, ভারত সরকারের ইতিবাচক সাড়া বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ করবে। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শেখ হাসিনা ইস্যুর চেয়ে অনেক বিস্তৃত। মুক্তিযুদ্ধের সময় থেকে দুই দেশের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে, সেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
এদিকে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতের মতো এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা চালাচ্ছে। অন্য দেশে অবস্থান করে এসব কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সংলাপটি সচিব পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উভয় পক্ষের সম্মতিতে তা কিছুদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়। এর মধ্যে ছিল তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ফিরিয়ে নেওয়া এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করা। তবে শামা ওবায়েদের বক্তব্য অনুযায়ী, ভারত সরকার এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি।