আন্তর্জাতিক ডেস্ক | ১৬ নভেম্বর ২০২৬: ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গত রোববার (১৫ নভেম্বর) তারা এডেন শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে জানা গেছে।
হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে শহরটির প্রতিরক্ষা জোরদার করছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এ লক্ষ্যে এডেনের চারপাশে পরিখা খনন, বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা দেয়াল ও দুর্গ নির্মাণ করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র এবং সরকারের দুটি সূত্র জানিয়েছে, হুথি যোদ্ধারা লাহজ প্রদেশের দুটি জেলা দখলে নিয়েছে। বর্তমানে তারা আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের কাছে অবস্থান করছে, যা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।
উল্লেখ্য, ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে সেখান থেকেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে হুথিদের অগ্রযাত্রার মধ্যে ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি ও একটি বিমানবন্দর এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে। তবে সরকারের দাবি, এডেনের প্রতিরক্ষা জোরদার করতেই এসব সেনাকে অন্যত্র মোতায়েন করা হয়েছে।
পরবর্তীতে হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সরকারি বাহিনী যেসব এলাকা থেকে সরে গেছে, সেসব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে হুথি যোদ্ধারা।
বিশ্লেষকদের মতে, হুথিদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: এএফপি