1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট - dailydeshkantha
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৮|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬,
  • 80 Time View

নিজস্ব প্রতিবেদক: দেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৮৯ শতাংশই নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দিচ্ছে না অথবা শূন্য রিটার্ন দিচ্ছে। ফলে বিপুলসংখ্যক প্রতিষ্ঠান নিবন্ধিত থাকলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে তাদের বড় অংশের অবদান নেই। এতে ভ্যাট ব্যবস্থাপনার কার্যকারিতা ও রাজস্ব আদায়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক গোয়েন্দা পর্যালোচনায় এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে দেশে মোট ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮ লাখ ৩০ হাজার ২৩২টি। এর মধ্যে ৭ লাখ ৪১ হাজার ৭৪৫টি প্রতিষ্ঠান কোনো ভ্যাট প্রদর্শন করেনি। অর্থাৎ নিবন্ধিত প্রতিষ্ঠানের ৮৯ দশমিক ৩৪ শতাংশ ওই মাসে হয় রিটার্ন জমা দেয়নি, নয়তো শূন্য রিটার্ন জমা দিয়েছে। বিপরীতে মাত্র ১০ দশমিক ৬৬ শতাংশ প্রতিষ্ঠান রিটার্নে ভ্যাট প্রদর্শন করেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৫ লাখ ৬৮ হাজার ৩৭৪টি প্রতিষ্ঠান কোনো রিটার্ন জমা দেয়নি, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের ৬৮ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে রিটার্ন জমা দেওয়া ২ লাখ ৬১ হাজার ৮৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৩৭১টি প্রতিষ্ঠান শূন্য রিটার্ন দিয়েছে।

সব মিলিয়ে ওই মাসে মাত্র ৮৮ হাজার ৪৮৭টি প্রতিষ্ঠান প্রকৃত ভ্যাট প্রদর্শন করেছে।

ভ্যাট গোয়েন্দার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিবন্ধিত প্রতিষ্ঠানের বড় অংশ রিটার্ন জমা না দেওয়া বা শূন্য রিটার্ন দেওয়া উদ্বেগজনক। তবে শূন্য রিটার্ন জমা দেওয়া মানেই ভ্যাট ফাঁকি নয়। কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলে বা নির্দিষ্ট সময়ে করযোগ্য লেনদেন না থাকলে শূন্য রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে। তবে নিয়মিত ব্যবসা পরিচালনা করেও প্রকৃত লেনদেন গোপন করে শূন্য রিটার্ন দেওয়া কিংবা রিটার্ন জমা না দেওয়া অনিয়মের পর্যায়ে পড়তে পারে।

তিনি বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত ব্যবসায়িক অবস্থা যাচাই, রিটার্ন না দেওয়ার কারণ অনুসন্ধান এবং ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নিরীক্ষার আওতায় আনা জরুরি। পাশাপাশি নিষ্ক্রিয় প্রতিষ্ঠান চিহ্নিত করে নিবন্ধন হালনাগাদ এবং অনিয়মকারী প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়ার প্রয়োজন রয়েছে।

মাত্র ৩৩৭ প্রতিষ্ঠান দিয়েছে ৮০ শতাংশ ভ্যাট

গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশে মোট ভ্যাট আদায় হয়েছে ৩ হাজার ২৬৬ কোটি টাকার বেশি। এর মধ্যে ২ হাজার ৬৩৫ কোটি টাকা দিয়েছে মাত্র ৩৩৭টি প্রতিষ্ঠান। অর্থাৎ মোট ভ্যাটের প্রায় ৮০ দশমিক ৬৭ শতাংশ এসেছে নিবন্ধিত প্রতিষ্ঠানের মাত্র শূন্য দশমিক ১৩ শতাংশের কাছ থেকে।

অন্যদিকে বাকি ৮ লাখ ২৯ হাজার ৮৯৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট আদায় হয়েছে প্রায় ৬৩১ কোটি টাকা।

বড় করদাতাদের মধ্যেও অনিয়মের চিত্র

বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট) পর্যায়েও রিটার্ন জমা না দেওয়ার প্রবণতা দেখা গেছে। এ ইউনিটে নিবন্ধিত ১১১টি প্রতিষ্ঠানের মধ্যে জুলাই মাসে রিটার্ন জমা দিয়েছে ৮৭টি। বাকি ২৪টি প্রতিষ্ঠান রিটার্ন জমা দেয়নি। অথচ ওই মাসে এলটিইউ-ভ্যাট কমিশনারেট ১ হাজার ৪২৮ কোটি টাকার বেশি ভ্যাট আদায় করেছে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৪৩৫টি। এর মধ্যে জুলাই মাসে রিটার্ন জমা দিয়েছে মাত্র ৩৫ হাজার ৮০৫টি প্রতিষ্ঠান। অর্থাৎ নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ২৪ শতাংশ রিটার্ন জমা দিয়েছে। ওই মাসে কমিশনারেটটি ভ্যাট আদায় করেছে ১৯১ কোটি টাকা।

অন্যদিকে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত ৯০ হাজার ১১২টি প্রতিষ্ঠানের বিপরীতে জুলাই মাসে ভ্যাট আদায় হয়েছে ৮২ কোটি টাকা। এ কমিশনারেটের রিটার্নদাতা প্রতিষ্ঠানের মধ্যে ১৯ হাজার ৪৬৬টি শূন্য রিটার্ন দিয়েছে। রিটার্নদাতাদের মধ্যে শূন্য রিটার্নের হার প্রায় ৭০ শতাংশ।

পর্যটননির্ভর কক্সবাজারের চিত্রও উদ্বেগজনক। সেখানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ১২ হাজার ৩৩৫টি। জুলাই মাসে এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় হয়েছে ৭ কোটি টাকার কিছু বেশি। ওই মাসে ১ কোটি টাকার বেশি ভ্যাট দিয়েছে—এমন কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি। রিটার্নদাতা প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬৪ শতাংশ শূন্য রিটার্ন জমা দিয়েছে।

এ ছাড়া রাজশাহী, রংপুর ও যশোর ভ্যাট কমিশনারেটেও শূন্য রিটার্নের হার বেশি। এসব এলাকায় রিটার্ন জমা দেওয়া প্রতিষ্ঠানের প্রায় ৬৮ থেকে ৭৩ শতাংশ কোনো ভ্যাট প্রদর্শন করেনি।

রাজস্ব আদায়ে বড় ঘাটতি

এদিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা।

রাজস্ব আদায়ের প্রধান তিনটি খাত—ভ্যাট, আয়কর এবং আমদানি-রপ্তানি শুল্ক—কোনোটিতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে ভ্যাট আদায়ে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা। আদায় হয়েছে ২৯ হাজার ৩৪৮ কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭ কোটি টাকা।

আবার মাসিক ভ্যাট রিটার্ন চালু

ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে চলতি অর্থবছর থেকে প্রতি মাসের পরিবর্তে তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিলের বিধান চালু করেছিল এনবিআর। তবে ব্যবসায়ীদের আপত্তি এবং ভ্যাট আদায়ে স্থবিরতা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বর থেকে আবারও মাসভিত্তিক ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম চালু করা হয়েছে।

এদিকে বিপুলসংখ্যক নিবন্ধিত প্রতিষ্ঠান রিটার্ন জমা না দেওয়া কিংবা শূন্য রিটার্ন দেওয়ার কারণ অনুসন্ধানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক মুহম্মদ জাকির হোসেন সম্প্রতি এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম যাচাই, নিষ্ক্রিয় প্রতিষ্ঠানের নিবন্ধন হালনাগাদ এবং ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের লেনদেন নিরীক্ষার আওতায় আনা গেলে ভ্যাট ফাঁকি শনাক্তের পাশাপাশি রাজস্ব আদায়ের পরিধিও বাড়ানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork