নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরের ফলাফল তুলে ধরে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন সহায়তা অব্যাহত রাখা ও সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতাকে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারত্বে রূপ দেওয়ার ক্ষেত্রেও সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আলোকে জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করাই এ সফরের অন্যতম লক্ষ্য ছিল। বাংলাদেশ প্রচলিত উন্নয়ন সহায়তার পাশাপাশি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায়।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে হুমায়ুন কবির জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশে সর্বোচ্চ এক লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ বিনিয়োগের মাধ্যমে প্রায় দুই লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
তিনি স্পষ্ট করেন, এটি বেসরকারি খাতের সম্ভাব্য বিনিয়োগের হিসাব; কোনো সরকারি ঋণের প্রতিশ্রুতি নয়।
প্রস্তাবিত বিনিয়োগের বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে শিগগিরই জাপানের একটি অর্থনৈতিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে। বিনিয়োগ প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে জাতীয় অগ্রাধিকার, সাশ্রয়যোগ্যতা, প্রতিযোগিতার সক্ষমতা এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিআইজি-বি) উদ্যোগকে ‘বিআইজি-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ বা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিআইজি-বি হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
এ উদ্যোগের আওতায় জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প স্থাপনা, তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থার সমন্বিত উন্নয়নের পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সফরে এ উদ্যোগের আওতায় আলোচনা বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জাপান অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানান হুমায়ুন কবির।
আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি, ঢাকার গণপরিবহন ব্যবস্থার এমআরটি প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনায় জাপানের সহযোগিতার বিষয় উঠে আসে।
এ ছাড়া অর্থনৈতিক সহনশীলতা জোরদার এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে জাপানের ৫ হাজার কোটি ইয়েন বা প্রায় ৩১ কোটি ৪০ লাখ ডলারের জরুরি সহায়তা ঋণের জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সহজ শর্তে অর্থায়ন ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সফরে মানবসম্পদ উন্নয়ন, কারিগরি সহযোগিতা এবং শিল্পের আধুনিকায়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। এ সময় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং, মারুবেনি করপোরেশন, মিতসুবিশি করপোরেশন ও টয়োটা সুশো করপোরেশনসহ জাপানের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উন্নত উৎপাদনশিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা উঠে আসে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণ নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামের সংলাপে অংশ নিয়ে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, করব্যবস্থা, শুল্ক ছাড়করণ, রেমিট্যান্স ও লাইসেন্স প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা বাড়িয়ে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাপানের জেরা (জেইআরএ)-এর এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং চিবা প্রিফেকচারের একটি লজিস্টিকস হাব পরিদর্শন করেন। বাংলাদেশের জ্বালানি অবকাঠামো পরিকল্পনায় বাস্তব অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান অর্জনই এসব পরিদর্শনের উদ্দেশ্য ছিল বলে জানান হুমায়ুন কবির।
২৯ অক্টোবর নাগোয়া শহরে টয়োটার উৎপাদন কারখানাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের গাড়ি ও অন্যান্য যন্ত্রপাতি উৎপাদন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সফরকালে অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক পরিবেশ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, উপকূলীয় নিরাপত্তা, জলবায়ু সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে ছয়টি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি বিনিয়োগ সহায়তা ও স্থানীয় সরকার উন্নয়নসংক্রান্ত ব্যবস্থাপনাও চূড়ান্ত করা হয়েছে।
দুই দেশ টেকসই নগরায়ণ, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং ভারসাম্যপূর্ণ আঞ্চলিক প্রবৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাপানের অব্যাহত সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা, নৌ ও আকাশপথে চলাচলের স্বাধীনতা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে মতবিনিময় হয়েছে।
সামগ্রিকভাবে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে উন্নয়ন সহায়তার গণ্ডি ছাড়িয়ে বিনিয়োগ, প্রযুক্তি, কর্মসংস্থান ও উৎপাদনশিল্পভিত্তিক দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার প্রত্যাশা তৈরি হয়েছে।