ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর শাখা।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় একস্থানে সমাবেশে মিলিত হয় সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গনে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের সহিংসতায় সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।
বক্তারা অবিলম্বে এসব ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানিয়ে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।