অনলাইন নিউজ: সময়সূচির ব্যস্ততার কারণে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে আসিয়ান সম্মেলন। তবে ভারতীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের বিষয়টি ঘোষণা করা হয়নি।
সূত্রের বরাতে এনডিটিভি আরও জানায়, ভারত ইতোমধ্যেই মালয়েশিয়াকে জানিয়েছে যে এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন এস. জয়শঙ্কর। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদি ভার্চুয়ালভাবে আসিয়ান-ভারত সম্মেলনে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
গত কয়েক বছর ধরে আসিয়ান-ভারত সম্মেলন ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আসছেন মোদি। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অংশীদার দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্প আগামী ২৬ অক্টোবর দুই দিনের সফরে কুয়ালালামপুরে পৌঁছাবেন।
এদিকে, মোদির মালয়েশিয়া সফরের সঙ্গে নির্ধারিত ছিল কম্বোডিয়া সফরও, তবে মালয়েশিয়া সফর বাতিল হওয়ায় সেটিও আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।
উল্লেখ্য, ভারত ও আসিয়ানের সংলাপ সম্পর্ক শুরু হয় ১৯৯২ সালে খাতভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে। পরবর্তীতে ১৯৯৫ সালে তা পূর্ণ সংলাপ অংশীদারিত্বে, ২০০২ সালে সম্মেলন পর্যায়ে এবং ২০১২ সালে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।
বর্তমানে আসিয়ানের ১০ সদস্য দেশ হলো— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা কেন্দ্র করে দ্রুত বিকশিত হয়েছে ভারত-আসিয়ান সম্পর্ক।