আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
মঙ্গলবার (২ জুন) তিনি রানীনগর-আত্রাই থেকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মহাসড়কে টহল শেষে পুলিশ সুপার আকস্মিকভাবে আত্রাই থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার ডিউটি অফিস, হাজতখানা, ব্যারাক ও বিভিন্ন নথিপত্র (রেকর্ড বুক) পরিদর্শন করেন। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও তা দ্রুত নিষ্পত্তির সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পুলিশের মূল শক্তি হলো জনগণের আস্থা। প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং দ্রুত সেবা পায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও জনবান্ধব ও সেবামূলক ভূমিকা পালন করতে হবে।”
পুলিশ সুপারের নির্দেশনার বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা আমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে। থানায় আগত প্রতিটি সেবাপ্রার্থীর অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সার্বক্ষণিক সতর্ক ও তৎপর রয়েছে।
পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শনে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জনবান্ধব পুলিশি সেবার মাধ্যমে অপরাধমুক্ত ও নিরাপদ নওগাঁ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে এ পরিদর্শনের মধ্য দিয়ে।