নিজস্ব প্রতিনিধি: বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের সার্বিক উন্নয়নে একটি সুদূরপ্রসারী ‘ভিশন তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারী সদর উপজেলার একটি বিশাল জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।
তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে যুগান্তকারী সংস্কার আনা হবে। বিশেষ করে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, নারীদের ক্ষমতায়ন ও তরুণদের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রত্যেক নাগরিক যেন মৌলিক অধিকার নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
জনসভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে জনসভা অনুষ্ঠিত হয়।