কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২২ সেপ্টেম্বর রোজ সোমবার বিকেল ৫টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান হাসিব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজলসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করে তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে আরও সুসংহত করতে হবে। তারা প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।