জুলাই সনদকে দেশের ভবিষ্যৎ ও অবাধ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, দলটির কিছু পর্যবেক্ষণ (অবজারভেশন) রয়েছে। এ বিষয়ে তারা শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় করবে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “জুলাই সনদ বাংলাদেশের গণতন্ত্র, ভবিষ্যৎ ও সুষ্ঠু নির্বাচনের পথরেখা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটি ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি, তবে কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আলোচনা দরকার। আমরা খুব শিগগিরই ঐকমত্য কমিশনের সঙ্গে এ নিয়ে কথা বলব।”
বিএনপি মহাসচিবকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা
এর আগে জামায়াতের একটি প্রতিনিধিদল নিয়ে ডা. তাহের বিএনপি মহাসচিবকে দেখতে উনাইটেড হাসপাতালে যান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর গুলশানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাত ১১টা পর্যন্ত বৈঠক করেন।
তবে বৈঠকের পর তিনি হঠাৎ অসুস্থবোধ করলে রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
জামায়াতের পক্ষ থেকে ঐক্যপ্রচেষ্টায় সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত
প্রসঙ্গত, সম্প্রতি দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐকমত্য গঠনে উদ্যোগ নিয়েছে একটি কমিশন। বিএনপি, জামায়াতসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল এতে সংলাপ ও আলোচনার মাধ্যমে একমত হতে শুরু করেছে।
জামায়াত নেতারা জানিয়েছেন, তারা দেশের স্বার্থে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব দলকে নিয়ে ঐকমত্য গঠনে সক্রিয় থাকবে।