অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রই বিএনপির মূল আদর্শ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়নের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে।
ড. মঈন খান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি করেন জনগণের জন্য। পলাশের জনগণ গত ১২ ফেব্রুয়ারি আপনাদের প্রাণঢালা ভালোবাসা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। আমরা তা মনে রেখেছি। ১৯৯১ সাল থেকে আপনারা যেভাবে বারবার বিএনপির পাশে থেকেছেন, তা আমাদের অনুপ্রেরণা দেয়।”
শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের কাজ হলো সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা, নীতি নির্ধারণ করা নয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মঈন খান বলেন, “প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল এবং দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ দেশের মানুষের উন্নয়নে ব্যয় করা যেত।”
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই ভোটের মাধ্যমে জনগণের কাছে ফিরে আসে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।