জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থন ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।
বৈঠকে রাজনৈতিক সংস্কার, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, জুলাই মাসের অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায় নিরূপণ, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক শুল্কনীতির প্রভাব এবং আগামী ৩০ সেপ্টেম্বরের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা ইউনূস বৈঠকে জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনের জন্য জাতিসংঘের সহায়তা চাই।” এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা পাচারকৃত সম্পদ ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টি ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।
জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে জাতিসংঘের অব্যাহত অঙ্গীকারের কথাও তুলে ধরেন।