বিনোদন ডেস্ক: ফুটবলে বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। বিশ্বকাপজুড়েই প্রিয় দলের খেলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন তিনি। তবে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভিন্ন এক মন্তব্য করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। ম্যাচটিকে ঘিরে দেওয়া এক ফেসবুক পোস্টে বর্ষা জানান, প্রিয় দল হারলেও এবার তার মন খারাপ হবে না।
তিনি লেখেন, “আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।”
বর্ষার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক অনুসারী তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও, কেউ কেউ খেলাধুলার সঙ্গে ধর্মীয় পরিচয় যুক্ত করাকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে মূলত স্বামী অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত সিনেমায় কাজ করে আসছেন বর্ষা। গত বছর অভিনয় থেকে সরে গিয়ে ধর্মীয় জীবনযাপনের ঘোষণা দিলেও পরে জানান, হাতে থাকা সিনেমাগুলো শেষ করার পরই অবসরে যাবেন। এছাড়া সামনে ‘কিল হিম ২’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।