ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি: টেকনাফ উপজেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে চারটায় টেকনাফের মিলকী রিসোর্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শাহ আলম। স্বাগত বক্তব্যে সভাপতি নুরুল হোসাইন বলেন, “আমরা ব্যবসায়ী নই, সেবক। প্রতিটি রোগী আমাদের পরিবারের সদস্যের মতো। সেবার মানই আমাদের পরিচয়।”
সভায় বক্তব্য রাখেন টেকনাফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, ডায়নামিক ক্লিনিকের পরিচালক মাকসুদুর রহমান, টেকনাফ মেডিকেল সেন্টারের পরিচালক আব্দুর রহমান, নাফ সিমান্ত প্যাথলজি সেন্টারের পরিচালক মোহাম্মদ আলম, ইম্পালস ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাইফুল ইসলামসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ।
এরপর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৯ ভোটে নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক পদে ৯ ভোটে শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে ৭ ভোটে সাইফুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি এইচ. এম. ফারুক, সহ-সভাপতি মাকসুদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম ও মিল্টন কান্তি দাশ, অর্থ সম্পাদক তানভীর আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামাল হোসাইন, দপ্তর সম্পাদক জমির হোসাইন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম এবং নির্বাহী সদস্য হিসেবে আব্দুর রহমান ও নুরুল হোসাইন ভুট্টো নির্বাচিত হন।
সভা শেষে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত নেতৃবৃন্দ ঐক্য, আন্তরিকতা ও মানবিক সেবার মাধ্যমে টেকনাফের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।