মোঃ মামুন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে তাজুল ইসলাম নামে এক বিদ্যুৎ রিডিংম্যানকে আটক করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ মিটার রিডিং ও বিল তৈরির কাজ করে আসছেন। সম্প্রতি গ্রাহকদের হাতে দেওয়া বিদ্যুৎ বিলের কাগজে আগের তুলনায় প্রতি মিটারে ৪০ থেকে ৫০ ইউনিট পর্যন্ত বেশি দেখানো হয়। এতে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে রাখেন।
অভিযোগের বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘অফিসের নির্দেশনা অনুযায়ী আমি কাজ করেছি।’
স্থানীয় বিদ্যুৎ গ্রাহক সামিউল আলম, মফিজ উদ্দিন ও সুকুমার রায় অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা অতিরিক্ত বিল দিয়ে আসছি। কিন্তু এবার মিটারের রিডিংয়ের সঙ্গে বিলের হিসাব মিলছে না। প্রতি মিটারে ৪০-৫০ ইউনিট বেশি দেখানো হয়েছে।’
এ বিষয়ে নীলফামারী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বলেন, ‘বিদ্যুৎ বিল বেশি লেখার কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
পরিস্থিতি উত্তপ্ত হলে খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি গ্রাহকদের বিল সংশোধনের আশ্বাস দিলে পরে আটক রিডিংম্যান তাজুল ইসলামকে উদ্ধার করা হয়।