নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম আরও এক দফা বেড়েছে। বৃষ্টির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছেন, বাজারে কোনো নিয়ন্ত্রণ না থাকায় বিক্রেতারা নিজের মতো করে দাম বাড়াচ্ছেন।
শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর রামপুরা, মালিবাগ ও শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, সাধারণ সবজিতেও চড়া দাম।
বর্তমানে ঢেঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০–৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা, ঝিঙা ও ধন্দুল ৮০ টাকা, পটল ৭০ টাকা, করলা ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শিম ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, কাঁচা মরিচ ৪০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং কচুর মুখি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগি ও মাংসের বাজারেও বেড়েছে দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা, গরুর মাংস ৭৮০–৮০০ টাকা, আর খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বেসরকারি চাকরিজীবী শিহাবুল ইসলাম, যিনি শনিবার রামপুরা বাজারে সবজি কিনতে এসেছিলেন, বলেন,
“গত তিন মাস ধরেই সবজির দাম অস্বাভাবিক। আজ আরও বেড়েছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই—যে যার মতো দাম নেয়। সাধারণ মানুষ কিভাবে এত দামে বাজার করবে?”
মালিবাগ বাজারের ক্রেতা রাজু আহমেদ বলেন,
“দোকানিরা বলছেন বৃষ্টির কারণে দাম বেড়েছে। কিন্তু তিন মাস ধরে তো দাম কমেনি। এখন আবার বৃষ্টিকে অজুহাত করা হচ্ছে।”
অন্যদিকে শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা মোয়াজ্জেম হোসেন বলেন,
“বৃষ্টির কারণে গত দুই দিনে সবজির দাম বেড়েছে। অনেক ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, আর অনেক সবজির মৌসুমও শেষ। নতুন ফসল না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই। বৃষ্টি চলতে থাকলে আরও বাড়তে পারে।”