প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেছে।
দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।
আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা তিনটি দল— বিএনপি, জামায়াত ও এনসিপিকে আলোচনায় ডেকেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শনিবার ব্রিফিংয়ে জানিয়েছিলেন, রোববার বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে। তবে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিএনপির বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। বিএনপি এখন সন্ধ্যা ৭টায় বৈঠকে অংশ নেবে।







