মো. আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রোববার (১৬ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য অভয়াশ্রম সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাগত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, আত্রাই উপজেলায় মৎস্য সম্পদ সম্প্রসারণে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করা হচ্ছে। আধুনিক চাষ পদ্ধতি গ্রহণের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষীরা আরও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে এবং মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। বিষমুক্ত ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আত্রাই নদী ও স্থানীয় জলাশয়গুলোর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং কারেন্ট ও চায়না দুয়ারি জালের অবৈধ ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্য চাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের হাতে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।