নিজস্ব প্রতিবেদক: গত জুলাই মাসে সারাদেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনাসংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট) প্রতিবেদনটিতে স্বাক্ষর করা হয়। পরদিন বুধবার (১২ আগস্ট) এটি অনলাইনে প্রকাশ করে বিআরটিএ।
বিআরটিএ জানায়, সংস্থাটির বিভাগীয় কার্যালয়গুলোর মাধ্যমে সারাদেশে সংঘটিত সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে জুলাইয়ে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন।
অন্যদিকে ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় ১০১ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত, খুলনায় ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৮৬ জন আহত, বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।
সিলেট বিভাগে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। রংপুরে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২৭ জন আহত এবং ময়মনসিংহে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
বিআরটিএর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল।
এর মধ্যে মোটরকার বা জিপ ১৮টি, বাস বা মিনিবাস ১০৬টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৪২টি, পিকআপ ৩৫টি, মাইক্রোবাস ৮টি, অ্যাম্বুলেন্স ৫টি, মোটরসাইকেল ১২৪টি, ভ্যান ২০টি, ট্রাক্টর ৮টি, ইজিবাইক ২১টি, ব্যাটারিচালিত রিকশা ২৮টি এবং সিএনজি অটোরিকশা ৫৭টি। এ ছাড়া অন্যান্য যানবাহন ছিল ১০১টি।
যানবাহনভিত্তিক নিহতের হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। জুলাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৯ জন নিহত হয়েছেন।
এ ছাড়া মোটরকার বা জিপ দুর্ঘটনায় ৮ জন, বাস বা মিনিবাসে ৪৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যানে ৫৬ জন, পিকআপে ১৬ জন, মাইক্রোবাসে ৫ জন এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
এ ছাড়া ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টরে ৪ জন, ইজিবাইকে ১৫ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৪ জন, অটোরিকশায় ৪০ জন এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ৯১ জন প্রাণ হারিয়েছেন।
বিআরটিএর হিসাবে, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মোট ৪১৮ জনের মৃত্যু হয়েছে।