নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অন্যটি নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল। ঘটনার সঙ্গে জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি জানান, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশ পর্যবেক্ষণের পর তারা দুটি ককটেল নিক্ষেপ করে চলে যান। পরে একটি ককটেল বিস্ফোরিত হয়। অপরটি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই মোটরসাইকেল আরোহী আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে যান।
ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।