জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য পুনর্ব্যবহারের লক্ষ্যে যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাবনা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের আওতায় এ গবেষণা প্রস্তাব হস্তান্তর করা হয়।
প্রস্তাবিত প্রকল্পে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, ইউরালা কাউন্সিল অস্ট্রেলিয়া, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ এবং বরিশাল সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। প্রকল্পের আওতায় পাইরোলাইসিস প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনার সম্ভাবনা নিয়ে গবেষণা করা হবে।
জানা গেছে, অস্ট্রেলিয়ার একটি কোম্পানি পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহারে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এ যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের কাছে গবেষণা প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
প্রস্তাবিত গবেষণা প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া।
প্রকল্পের প্রজেক্ট মেম্বার হিসেবে থাকছেন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্টের প্রজেক্ট মেম্বার ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের দেশীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।