লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার বিষয়ে গুরুত্ব দেন।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংকলন ও যাচাইয়ের কাজ করা হবে। এ ক্ষেত্রে নির্ভুল তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।