মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রান্তিক কৃষকদের সরকারি সেবা ও কৃষি সহায়তার আওতায় আনতে এ কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় পর্যায়ে কৃষক কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ের কার্যক্রমও ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা জানানো হয়েছিল।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হয়ে সারাদেশে কৃষক স্মার্ট কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। কৃষকদের কাছে সরকারি সেবা দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি উপকরণ, প্রণোদনা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, সেচ, কৃষিঋণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনাসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কৃষক কার্ড ব্যবস্থার মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি ডিজিটাল ডাটাবেজের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কৃষকদের পরিচয় ও কৃষিসংক্রান্ত তথ্য সংরক্ষণের পাশাপাশি সরকারি সহায়তা নির্দিষ্ট উপকারভোগীর কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান।
আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পতিসর ব্লকের প্রান্তিক কৃষকদের এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। কৃষক কার্ডের পাশাপাশি কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে কৃষক কার্ডের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে পতিসর ব্লকের উপকারভোগী প্রান্তিক কৃষকদের মধ্যে প্রতীকীভাবে কৃষক স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। কার্ড হাতে পেয়ে উপস্থিত কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সংশ্লিষ্টরা আশা করছেন, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে আত্রাইয়ের প্রান্তিক কৃষকদের কাছে সরকারি কৃষি সহায়তা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং কৃষকদের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে এ কার্ড কার্যকর ভূমিকা রাখবে।