মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সকাল ১১টায় আহসান উল্লাহ স্মারক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আত্রাই অঞ্চল প্রাকৃতিক মৎস্য সম্পদের জন্য অত্যন্ত সমৃদ্ধ। এলাকার মানুষের প্রোটিনের চাহিদা পূরণ এবং স্থানীয় অর্থনীতিকে বেগবান করতে দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষার কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘মুক্ত জলাশয়ে পোনা মাছ নিধন রোধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। নদী ও বিলের মাছের বংশবৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’
সভায় আত্রাই উপজেলার মাছের আড়তদারদের ডিজিটাল মিটার ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে আড়তে মাছ বিক্রি করতে আসা চাষি বা বিক্রেতাদের কাছ থেকে যেন ৪০ কেজির বেশি মাছ গ্রহণ করা না হয়, সে বিষয়ে আড়তদারদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতার কথা জানানো হয়।
আত্রাইয়ের মৎস্য সম্পদ বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রসার ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।