নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: তথ্য অধিকার আইন কার্যকর বাস্তবায়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় শহরের ইউএসএস কনফারেন্স রুমে রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রিইব-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।
সভায় বক্তব্য দেন মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান রাজু, নীলফামারী ইউএসএস-এর নির্বাহী পরিচালক ভূবন রায়, নীলফামারী পৌরসভার সাবেক কমিশনার রত্না রানী, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন, ফিল্ড অফিসার নজরুল ইসলাম এবং রিইব-এর সদস্য বোরহান উদ্দিন।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়িত হলে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আরও সচেতন হবেন। তারা নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের তথ্যপ্রাপ্তি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং আইনগত সহায়তা নিশ্চিত করতে রিইব-এর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
তারা আরও বলেন, সমাজে বিদ্যমান অন্যায়-অবিচার প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য আইনটির কার্যকর প্রয়োগে সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সদরের অ্যাক্টিভিস্ট গ্রুপের সদস্যরা মাঠপর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নের অভিজ্ঞতা, সাফল্য এবং বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। তাদের বক্তব্যের প্রশংসা করে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।