জ্যেষ্ঠ প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট প্রদান করেন এবং ছয়টি ব্যালট অব্যবহৃত থাকে। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করা হয়।
১৯৯১ সালের পর এই প্রথম প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার নজির রয়েছে।
নির্বাচিত হওয়ার পর সংসদে নতুন রাষ্ট্রপতিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্যরা শুভেচ্ছা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ শুক্রবার বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।