জ্যেষ্ঠ প্রতিবেদক: মাদকাসক্ত ব্যক্তিদের ঘৃণা না করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, মাদক নির্মূলকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সীমান্তে কঠোর নজরদারি বাড়িয়ে মাদক চোরাচালান বন্ধ করতে হবে।
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শাহ আলী মাজার এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আয়োজনে চার দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজে কোনো ধরনের নেশাকে প্রশ্রয় দেওয়া যায় না।
তিনি বলেন, তরুণদের নৈতিক শিক্ষার ঘাটতি ও অপসংস্কৃতির বিস্তারের কারণে বিভিন্ন অপরাধ বাড়ছে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের সঠিক মূল্যবোধ শেখাতে হবে।
তিনি আরও বলেন, সিগারেট মাদকের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। নিকোটিনের কারণে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়। তাই ধূমপান নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
খেলাধুলার মাঠ দখল হয়ে যাওয়ায় তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাঠগুলো দখলমুক্ত করে তরুণদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।
মাদকাসক্তদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, “তাদের ঘৃণা নয়, বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে হবে। সঠিক চিকিৎসা, পুনর্বাসন ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।”
তিনি বলেন, প্রশাসনের কোনো ব্যক্তি বা মহল মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সীমান্তে নজরদারি বাড়ানো গেলে মাদকের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা তৈরি করে যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে তারা ইতিবাচক কাজে সম্পৃক্ত হতে পারে।
অনুষ্ঠানে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়ে একটি সুস্থ, নৈতিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডা. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।