নিজস্ব প্রতিবেদক: দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত এবং কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণ, মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু এবং শ্রমিকদের হয়রানি ও দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ঢাকা, সাভার, মিরপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলন চলছে। এ পরিস্থিতিতে ঢাকা, গাজীপুর ও আশুলিয়ার অন্তত ৬৭৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
ছাত্রশিবিরের নেতারা বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে আন্দোলনকে রাজনৈতিক ইন্ধন হিসেবে আখ্যায়িত করে দমন-পীড়নের পথ বেছে নেওয়া হচ্ছে। এতে শিল্পাঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
বিবৃতিতে আরও বলা হয়, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। লাখ লাখ শ্রমিকের শ্রম ও অবদানে এ খাত দেশের রপ্তানি আয়ের বড় অংশ জোগান দিচ্ছে। অথচ দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০২৩ সাল থেকে ১২ হাজার ৫০০ টাকায় আটকে রয়েছে।
নেতারা উল্লেখ করেন, মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ও আর্থিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ একই বাজারব্যবস্থার মধ্যে থাকা পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে ষড়যন্ত্র বা উসকানি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এটি স্পষ্ট দ্বিচারিতা।
বিবৃতিতে পোশাকশিল্পকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কার বিষয়টিও তুলে ধরা হয়। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে পতিত ফ্যাসিস্ট শক্তি কিংবা বাংলাদেশবিরোধী কোনো অপশক্তি নাশকতার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে ধ্বংসাত্মক পথ পরিহার করে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে কার্যকর সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
তারা বলেন, তৈরি পোশাকশিল্পের ব্যস্ততম মৌসুমে উৎপাদন ব্যাহত হলে দেশের রপ্তানি আয় ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই শিল্পের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ট্রেড ইউনিয়নগুলোকেও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।