নিজস্ব প্রতিবেদক: ভারতের আসামে বাঙালি মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি আসামে ১ হাজার ১০০টিরও বেশি বাঙালি মুসলিমের বাড়িঘর ভেঙে ফেলার ঘটনার নিন্দা জানান। একই অভিযানে ১০টিরও বেশি মসজিদ ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকারি ও বনভূমি থেকে দখলদার উচ্ছেদের যুক্তি দেখিয়ে এসব অভিযান পরিচালনা করা হলেও ক্ষতিগ্রস্ত অনেক পরিবারের ওই অঞ্চলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করায় অনেক পরিবার বাস্তুচ্যুত ও অসহায় অবস্থায় পড়েছে। কিছু পরিবারকে আটককেন্দ্রে নেওয়ার খবরও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে নাহিদ ইসলাম আরও বলেন, ভারতের বাঙালি মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য, জোরপূর্বক উচ্ছেদ এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মতো ঘটনা উদ্বেগজনক। তাঁর মতে, এসব পদক্ষেপ সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
নাহিদ ইসলাম বলেন, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্নে ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। ধর্ম, জাতি কিংবা সাংস্কৃতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জন্য ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, “ভারতের মুসলিমরাও ভারতীয়।”