বিনোদন প্রতিবেদক: অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায়ও যাত্রা শুরু করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে।
এ আনন্দের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে নিজেদের প্রথম চলচ্চিত্রের পোস্টার প্রকাশ করেছেন বুবলী। একই সঙ্গে নতুন এই যাত্রায় সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বুবলী লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে। এ সময় চলচ্চিত্রটির প্রথম পোস্টারও উন্মোচন করেন তিনি।
নতুন এই অর্জনকে অনুপ্রেরণার উৎস উল্লেখ করে বুবলী বলেন, এ যাত্রায় সবার ভালোবাসা ও সমর্থন চান তিনি। ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ দর্শকদের উপহার দিতে চান।
অভিনয়ের বাইরে প্রযোজনায় বুবলীর এই নতুন উদ্যোগ তার ক্যারিয়ারে যুক্ত করল নতুন এক অধ্যায়। এখন দর্শকদের অপেক্ষা, বড় পর্দার পরিচিত এই অভিনেত্রীর প্রযোজনায় ‘ঠিকানা’ কতটা সাড়া ফেলতে পারে।