নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার): টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছে।
এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রানা হামিদ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ৭০০টি পানিবন্দী পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে রানা হামিদ ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বাস দেন।
রানা হামিদ বলেন, ‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ৩ নম্বর ওয়ার্ডের অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেকের ঘরে রান্নারও সুযোগ নেই। তাই মানবিক দায়িত্ববোধ থেকে রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করব।’
স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের এই সময়ে এমন উদ্যোগ বন্যাদুর্গত মানুষের জন্য স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে তাঁরা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।