মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের আওতায় সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) উপজেলার ক্যাশবপাড়া নূরানী মডেল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দিয়ে এ সবক প্রদান করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলার ফিল্ড সুপারভাইজার আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোনিরুজ্জামান বলেন, নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিক গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিশুদের শৈশব থেকেই কুরআনের শিক্ষায় আলোকিত করতে পারলে সমাজ থেকে অপরাধপ্রবণতা অনেকাংশে দূর করা সম্ভব। সরকার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত কুরআন শিক্ষা চর্চা এবং দৈনন্দিন জীবনে এর শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, আত্রাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এবাদুর রহমান প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবুল হোসেন, হাফেজ আব্দুর রাজ্জাক, স্থানীয় ব্যক্তিত্ব খয়বর আলী ও আব্দুল জলিল এবং কেন্দ্র শিক্ষক মুফতি মহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শুটকিগাছা বাজার মসজিদ, ক্যাশবপাড়া উত্তরপাড়া মসজিদ ও ক্যাশবপাড়া পশ্চিমপাড়া মসজিদ কেন্দ্রের মোট ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।