বিনোদন ডেস্ক: একটি তেলুগু সিনেমায় অভিনয় করতে গিয়ে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল অভিনেত্রী রাধিকা আপ্তের চরিত্রকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল তাকে। সিনেমাটির গল্প ও শুটিংয়ের পরিবেশ কোনোটিই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজ করার সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে আমার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। ছবিটিতে অভিনয় করা আমার জন্য ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’
শুধু গল্প নয়, সহশিল্পীর বয়সের ব্যবধান এবং সিনেমাটির কাজের পরিবেশ নিয়েও আপত্তি ছিল অভিনেত্রীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের চেয়ে অনেক বেশি বয়সী একজন অভিনেতার সঙ্গে আমাকে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। পুরো বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’
যদিও সাক্ষাৎকারে সিনেমাটির নাম প্রকাশ করেননি রাধিকা। তবে তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ সিনেমার কথাই বলেছেন তিনি। ওই সিনেমায় বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা।
তার মন্তব্য ঘিরে বালকৃষ্ণের ভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, ‘যে সিনেমাটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের লেজেন্ড। চিত্রনাট্য কিংবা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে সিনেমাটি করার আগেই তা জানানো উচিত ছিল।’
অন্য একজন রাধিকার মন্তব্যের সমালোচনা করে তার আগের অভিনয়ের প্রসঙ্গ টেনে লিখেছেন, অভিনেত্রী ‘পার্চড’ সিনেমায় আদিল হুসেনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। সেখানেও বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে।
রাধিকার এই মন্তব্যের পর দক্ষিণী সিনেমার গল্প, নায়কদের বয়সের ব্যবধান এবং চলচ্চিত্রের কাজের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট