নিজস্ব প্রতিবেদক, ডিমলা (নীলফামারী): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা বজলার রহমানের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ জুলাই খালিশা চাপানী ইউনিয়নের একটি স্থানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল খালেক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছোটখাতা কামিল মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বজলার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক দুলাল হোসেন, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক ও ওসমান গনি। এ ছাড়া খালিশা চাপানী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, খালিশা চাপানী ইউনিয়নের উন্নয়নে সৎ, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব প্রয়োজন। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বজলার রহমান বলেন, নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা এবং মৌলিক নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।