স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শারমিন।
তিন মাস মেয়াদি এ সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণকারীদের সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, সম্পাদনা, তথ্য যাচাই এবং গণমাধ্যমের পেশাগত নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন, দক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী তৈরি এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্ভুল তথ্য উপস্থাপন, নৈতিক সাংবাদিকতা এবং প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের বিকল্প নেই।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা পেশাগত জীবনে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।