প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ চাকরি করার জন্য জন্মায়নি, বরং উদ্যোক্তা হওয়ার জন্য জন্ম। এই লক্ষ্য পূরণে সবাইকে সুযোগ দেওয়া প্রয়োজন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সবাই যেন সেই দিকে এগোতে পারে এবং সুযোগ পায়।” তিনি আরও জানান, বর্তমান সময়ে মানুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তা হিসেবে কাজ করছে। এর জন্য প্রযুক্তি একটি বড় ভূমিকা রেখেছে, যা মানুষকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে। এখন সেই প্রযুক্তি ব্যবহার করার সময় এসেছে।
তিনি বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ তার সক্ষমতা অনুযায়ী যেখানে যেতে চায় সেখানে পৌঁছানোর সুযোগ পাক। আশা করি, পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, পিকেএসএফ এখন আগের কাঠামো পরিবর্তন করেছে। বিনিয়োগের সুযোগ থাকলে বড় আকারের উদ্যোগ তৈরি করা সম্ভব। বর্তমান প্রজন্মের ছেলেমেয়ে পুরনো প্রজন্মের মতো নয়; তারা অনেক বেশি দক্ষ ও উদ্ভাবনী। এজন্য আইন ও নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন করে আরও উদ্যোগ সৃষ্টি করা যায় কি না তা পরীক্ষা করা জরুরি।
পিকেএসএফ প্রতিষ্ঠার স্মৃতি তুলে ধরে তিনি জানান, বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ২০ কোটি টাকার ফান্ডের মাধ্যমে সংস্থা গড়ে ওঠে। “ওই ২০ কোটি টাকা না হলে পিকেএসএফ-এর জন্ম এভাবে হতো না। ধাক্কাটা এসেছিল তখনকার রাষ্ট্রপতি এরশাদের সমর্থনে, যিনি ভরসা করেছিলেন আমাদের ওপর। আমরা কাজ করেছি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে, দারিদ্র্য নিরসনে নতুন ফাইন্যান্সিয়াল সিস্টেম গড়ে তুলতে। এতে মানুষ উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হতে পারে।”







