বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে। ফলে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।”
তিনি নুরের ওপর হামলার ঘটনাকে অস্বাভাবিক ও উদ্বেগজনক বলে অভিহিত করেন এবং বলেন, “এমন ঘটনার মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে দমিয়ে রাখা যাবে না। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শক্তিকে মোকাবিলা করতে হবে।”
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নামবে এনসিপি। নুরের ওপর হামলা গণভ্যুত্থানের শক্তিকে দমনে চালানো হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে এই বর্বরতা সংঘটিত হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী কার নির্দেশে পরিচালিত হচ্ছে, সেটিও এখন প্রশ্নের বিষয়।”
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল।