অনলাইন নিউজ: আফগানিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানি সেনাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শনিবার রাতে এক বিবৃতিতে জানান, আফগান সেনারা সীমান্তবর্তী ২৫টি পোস্ট থেকে পাকিস্তানি সেনাদের হটিয়ে দিয়েছে। সংঘাতের সময় আফগান বাহিনীর গোলাবর্ষণ ও বন্দুক হামলায় কমপক্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, “পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আমরা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাব।”
এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।
ইসলামাবাদ দাবি করে, নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)–এর নেতারা আফগান ভূখণ্ডে আশ্রয় ও সহায়তা পাচ্ছে।
এ হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে।
তার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদ ও আরও কয়েকজন নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সাইফুল্লাহ মেসুদকে সংগঠনের সম্ভাব্য পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল।তালেবান সরকার এখনো এই হামলায় নিহত বা আহতদের সংখ্যা নিশ্চিত করেনি।
তবে শুক্রবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান এই হামলার মাধ্যমে “আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা” চালিয়েছে।
টিটিপি বা তেহরিক-ই তালিবান পাকিস্তান দীর্ঘদিন ধরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে। ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে যে, টিটিপির নেতৃত্ব ও ঘাঁটি আফগানিস্তানের ভেতরেই রয়েছে এবং তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে।
অন্যদিকে তালেবান সরকার দাবি করছে, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যার দায় আফগানিস্তানের ওপর চাপিয়ে দিচ্ছে এবং সীমান্তে উসকানিমূলক হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। সূত্র: আলজাজিরা