নিজস্ব প্রতিবেদক: ঢাকার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তকরণ বন্ধ এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রোববার (১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ১৭৭টি কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
সকাল থেকে কর্মবিরতি, সড়কে বিক্ষোভ
জানা গেছে, রোববার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।
দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
শ্রমিকদের তিন প্রধান দাবি
আন্দোলনরত শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করে চাকরিচ্যুত করা বন্ধ এবং বিভিন্ন অজুহাতে ইচ্ছামতো শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে।
কমফোর্ট কালেকশন নামের একটি পোশাক কারখানার অপারেটর রাজু আহমেদ বলেন, তাদের কারখানায় হেলপারদের বেতন মাত্র ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকা। অন্যদিকে, অন্যান্য কারখানায় হাজিরা বোনাস ১ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও তাদের কারখানায় দেওয়া হয় মাত্র ৫০০ টাকা। ন্যায্য মজুরি ও ভাতার দাবিতেই তারা রাস্তায় নেমেছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি অন্যতম। তিনি জানান, এ বিষয়ে রোববার মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।