নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) জারি করা নির্দেশনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের কথা বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার, সার্বক্ষণিক টহল বৃদ্ধি এবং বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।
বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করতে বলা হয়েছে।
এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় টহল ও নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।