আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত অভিযানে গণহত্যার অভিযোগসংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছে মিয়ানমার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানায় দেশটি।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, ১৫ জন বিচারকের সবাই রায়ের সঙ্গে একমত ছিলেন না। ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়েছে। তাই এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয় এবং মিয়ানমারের দৃষ্টিতে ন্যায়সংগতও নয়।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে পুলিশ স্টেশন ও সেনা স্থাপনায় হামলার পর রোহিঙ্গাদের লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ১৯ নভেম্বর মামলাটির রায় ঘোষণা করা হয়। তবে রায় নিয়ে মিয়ানমারের এই আপত্তি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।