জ্যেষ্ঠ প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পর এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ নভেম্বরের মধ্যে দেশের অধিকাংশ এলাকা থেকে বৃষ্টিবলয়ের প্রভাব কেটে যেতে পারে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উড়িষ্যা অঞ্চলে অবস্থান করছে এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপ আকারে রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছাতে পারে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি আরও জানায়, সিস্টেমটি দুর্বল হয়ে লঘুচাপ অথবা ঘূর্ণাবর্ত হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ২৩ নভেম্বর নাগাদ বৃষ্টিবলয়টি অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ওই দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশিষ্ট প্রভাব কেটে গিয়ে ২৪ নভেম্বর নাগাদ প্রায় সারা দেশ থেকেই বৃষ্টিবলয় বিদায় নিতে পারে।
তবে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব সম্পর্কে হালনাগাদ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।