আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছ থেকে পর্যাপ্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র না পাওয়ায় মিত্র দেশগুলোর কাছ থেকে প্রায় ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইউক্রেন। এসব ক্ষেপণাস্ত্র কেনার জন্য ইউক্রেনকে ঋণ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খেমারা।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র কেনার জন্য ঋণ দেওয়া হচ্ছে। ঋণের বিনিময়ে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও মানোন্নয়নে কাজ করতে হবে।
ঋণের একটি অংশ ইউক্রেনকে ড্রোন সরবরাহের ক্ষেত্রেও ব্যয় করা হবে বলে জানান তিনি। এ খাতে ইউক্রেনের প্রায় ২৭ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে বলে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৯২৫ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার এলাকায় যুদ্ধ চলছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, যুদ্ধক্ষেত্রে সুবিধা করতে না পেরে রাশিয়া ইউক্রেনীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
প্যাট্রিয়ট যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক মোবাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রুপক্ষের বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কিছু ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।
গত জুন থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কয়েক দফা ক্ষেপণাস্ত্র সহায়তা চাইলেও তা পাওয়া যায়নি।
গত আগস্টে ইউক্রেনের অভ্যন্তরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতিও চেয়েছিলেন জেলেনস্কি। তবে সেই উদ্যোগেও যুক্তরাষ্ট্রের অনুমোদন মেলেনি।
এদিকে মঙ্গলবার রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কর্মকর্তাদের দাবি, রাজধানী কিয়েভে পাঁচজনসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকজন নিহত হয়েছেন।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইউক্রেনের মিত্রদের সামনে সামরিক সহায়তা বাড়ানোর কোনো বিকল্প নেই। ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে নিজেদের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি আকাশপথে সুরক্ষা নিশ্চিত করার সক্ষমতা দিতে হবে।
সূত্র: রয়টার্স