বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি রেসিংয়েও নিজের পরিচিতি তৈরি করেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অজিত কুমার। শনিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সিলভারস্টোনে মিশেলিন লে মানস কাপের রেসিং ইভেন্টে অংশ নেন তিনি।
অজিতকে শুভকামনা জানাতে রেসিং সার্কিটে হাজির হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা সি. জোসেফ বিজয়, যিনি দর্শকদের কাছে ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত। সেখানে দুই তারকার আন্তরিক আলিঙ্গনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।
দীর্ঘদিনের সহকর্মী অজিতের প্রতি বিজয়ের এই শুভেচ্ছাকে দুই তারকার বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টান্ত হিসেবে দেখছেন ভক্তরা।
তবে রেসিং সার্কিটের আরেকটি ছবি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। অভিনেত্রী রাধিকা সারথকুমার ও তৃষা কৃষ্ণানের একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রেসিং ভেন্যুতে রাধিকাকে অজিতের সঙ্গে দেখা করতে গেলেও তৃষাকে তার সঙ্গে সরাসরি দেখা করতে দেখা যায়নি।
রাধিকা সেলফিটি প্রকাশ করে অজিতের রেসের জন্য শুভকামনা জানান। এরপর থেকেই ছবিটি নিয়ে নানা জল্পনা শুরু হয় নেটদুনিয়ায়।
বিশেষ করে বিজয় ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের কারণে দুই ছবির মধ্যে যোগসূত্র খুঁজছেন অনেক নেটিজেন। কেউ কেউ ধারণা করছেন, তৃষাও হয়তো বিজয়ের সঙ্গে লন্ডন সফরে গিয়েছেন। তবে এ বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে রেসিং ট্র্যাকে বিজয়ের উপস্থিতিতে উচ্ছ্বসিত অজিত। তিনি জানান, ব্যস্ততার মধ্যেও বিজয় সিলভারস্টোনে তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। চলচ্চিত্র অঙ্গনে গত ৩৪ বছরের সহকর্মী বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী—এতে তিনি আনন্দিত বলেও জানান অজিত।
রেসিং ট্র্যাকের এক মুহূর্তের সাক্ষাৎ, দুই তারকার আলিঙ্গন আর একটি সেলফি—সব মিলিয়ে দক্ষিণী তারকাদের নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।